
নেয়ামত উল্যাহ, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অপপ্রচার, মিথ্যা মামলা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামুন সর্দার।
রবিবার সকালে রায়পুর শহরের একটি রেস্টুরেন্টে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মামুন সর্দার বলেন, “আমাদের বাড়ির পারিবারিক কবরস্থানের জমি নিয়ে শরিফ হোসেনদের সঙ্গে দীর্ঘদিন ধরে একাধিক ব্যাক্তির বিরোধ চলছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে ওই কবরস্থানের ইজমালি সম্পত্তি অংশহারে ভাগাভাগির সিদ্ধান্ত হয়। কিন্তু ভাগাভাগির সময় শরিফদের দখলে বেশি সম্পত্তি পাওয়া যায়। অন্য অংশীদাররা তাদের মধ্যে বেশি থাকা সম্পত্তির দখল ছাড়তে বললে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমি ওই সম্পত্তির একজন শরিকদার হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং ঝামেলা এড়াতে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। কিন্তু পরবর্তীতে শরিফ ও তার বোন নাছরিন আক্তার সংবাদ সম্মেলন করে বিষয়টিকে রাজনৈতিক এবং চাঁদা দাবির অভিযোগ তোলে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যেই তারা এসব অপপ্রচার চালাচ্ছে।” তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে একটি ভুয়া মামলা দায়ের করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আরেক ভুক্তভোগী রাজন হোসেন। তিনি বলেন, “আমার নানার ক্রয়কৃত সম্পত্তি, যার মালিকানা আমার মায়ের নামে। সেই সম্পত্তি দখল নিতে গেলে শরিফ আমার কাছে ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে আমাকে মামলায় জড়ানোর হুমকি দেয়। পরিকল্পিতভাবে শরিফ তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে। সে সময় হাতাহাতির একপর্যায়ে সে নিজেই সিঁড়ির পাশে টাইলসে পড়ে গিয়ে আহত হয়। পরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মামলা দায়ের করে”
তিনি আরও অভিযোগ করে বলেন, “শরিফ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের আমলেই সে বিভিন্নভাবে আমাদের হয়রানি করেছে এবং এখনো হুমকি-ধামকি দিয়ে আসছে। আমি তার বিচার দাবি করছি।”