
জয়পুরহাট প্রতিনিধি : ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে জয়পুরহাটে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে শহীদ জিয়া কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে স্থানীয় আলেম, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আল আমিন এবং সঞ্চালনা করেন মাওলানা মাহমুদুল হাসান।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক ড. আবুল কালাম বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জয়পুরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল ইসলাম সবুজ, বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আব্দুল বাতেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর জেলা সভাপতি তারেক হোসেন সহ অনেকেই।
তিনি বলেন, “মানবজীবনের প্রকৃত দিশা কুরআনের মধ্যেই নিহিত। কুরআনের শিক্ষা বাস্তবায়ন করতে পারলেই সমাজে ন্যায়, শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠিত হবে।”
দ্বিতীয় আলোচক হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ বলেন, “আজ সমাজে অন্যায়, অবিচার ও বিভ্রান্তির মূল কারণ কুরআন থেকে দূরে সরে যাওয়া। প্রত্যেক মুসলমানকে কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করতে হবে।”
তৃতীয় আলোচক হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার ভারপ্রাপ্ত আমির মুফতি সাইদুর রহমান বলেন, “কুরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে হলে আলেম, তরুণ ও সাধারণ মানুষ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
প্রধান অতিথি ফজলুর রহমান সাইদ তাঁর বক্তব্যে বলেন, “কুরআনের শিক্ষা শুধু মসজিদে নয়, রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে প্রয়োগ করতে হবে। কুরআন নির্ভর সমাজ গঠনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।”
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অগ্রগতি ও শান্তি কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।