
পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদে সোমবার, ৩ নভেম্বর ২০২৫ তারিখে “ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন ফেডারেল শারীয়াহ কোর্ট, ইসলামাবাদের মাননীয় প্রধান বিচারপতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ আনোয়ার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাইকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. নাজিয়া ইকবাল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মাসুদ খাটক। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. এইচ. গুফরান।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। প্রবন্ধ উপস্থাপনকালে ড. এ. কে. আজাদ বলেন, টেকসই উন্নয়নের জন্য ইসলামিক উন্নয়ন পরিকল্পনা অত্যন্ত কার্যকর। মানুষের ইহলৌকিক ও পারলৌকিক জীবনে সফলতা অর্জনে ইসলামের সামগ্রিক উন্নয়নধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে উঠলে সামগ্রিক উন্নয়ন সহজেই বাস্তবায়ন সম্ভব।
প্রধান অতিথি ড. সাইয়্যেদ মুহাম্মাদ আনোয়ার ইসলামী শরীয়ার আলোকে পরিকল্পনা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও স্থিতিশীলতার ভিত্তিতে জীবন লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
প্রবন্ধ উপস্থাপন ও প্রধান অতিথির বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ড. আজাদ ও প্রধান বিচারপতি ড. আনোয়ার অংশগ্রহণ করেন।