
মো: সেকেন্দার আলী, রাজারহাট: "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদ হবে উন্নতি" এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫।
বুধবার (২৬ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে রাজারহাটে এই সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা তাদের গরু,ছাগল,হাঁস-মুরগি,দুগ্ধজাত পণ্য এবং ভেটেরিনারি উদ্ভাবনসহ নানা ধরনের প্রাণিসম্পদ উপস্থাপন করেন। প্রদর্শনীটি মোট ২৬টি স্টল নিয়ে সাজানো হয়,যেখানে ছিল উৎসবের আমেজ এবং খামারিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।
আলোচনা সভা ও অতিথিবৃন্দ সকাল ১১টায় শুরু হওয়া এই আয়োজনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: রহমত আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ,উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আবু তাহের,সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুণ যদু।
খামারিদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাত সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা বলেন,খামারিদের আরও সচেতন ও দক্ষ হতে হবে। এ ধরনের প্রদর্শনী কৃষক ও খামারিদের অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।
আয়োজকরা জানান,প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার,রোগ প্রতিরোধ, উন্নত জাত সংরক্ষণ ও টেকসই উৎপাদন ব্যবস্থার প্রচারের লক্ষ্যেই এই সপ্তাহের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী নানা প্রদর্শনী, আলোচনা ও পরামর্শ কার্যক্রমে খামারিরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালিও বের করা হয়,যেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক এবং বহু খামারি অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।