
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বাংলাদেশে যতগুলো আসন রয়েছে, তার সবগুলোর চেয়েও ঠাকুরগাঁও–২ আসনে ইনসাফপন্থী প্রার্থী আব্দুল হামিদকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, “আমরা বিশ্বাস করি তরুণরা সিদ্ধান্ত নিলে অসম্ভবও সম্ভব। দেশের তরুণরা ইতোমধ্যে ইনসাফের পক্ষ নিয়েছে। জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সফলতার সাথে বিজয় অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত যুব–ছাত্র–নাগরিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ভিপি সাদিক কায়েম আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সর্বত্র তরুণরা ইনসাফের প্রতিনিধিদের বেছে নিয়েছে। বাংলাদেশে আজ একটি বিশাল পরিবর্তনের ঢেউ উঠেছে। কৃষক, শ্রমিক, রিকশাচালক—সব শ্রেণির মানুষই দাঁড়িপাল্লার প্রতিনিধিদের নির্বাচিত করতে উদগ্রীব। আর সেই ভুমিধস বিজয় শুরু হবে ঠাকুরগাঁও–২ আসন থেকে, ইনশাআল্লাহ।”
তিনি তরুণদের আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “নতুন বাংলাদেশের রাজনীতিতে আর কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ বা সন্ত্রাসীর জায়গা থাকবে না। ইনসাফের প্রতীকের প্রতিনিধিরা একটি সুখী–সমৃদ্ধ দেশ গড়তে কাজ করবে।”
তিনি আরও দাবি করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদক এবং ফাউল রাজনীতি ভেঙে পড়েছে।
“ফাউলবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজির রাজনীতি আর চলবে না। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।“
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। এছাড়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।