
পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় তার সঙ্গে জুলাই বিপ্লবে বাউফলের ৭ শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনসাধারণ ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সালেহ আহমেদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমা দিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আজকে এখানে মনোনয়নপত্র জমা দিতে শফিকুল ইসলাম মাসুদ বা জামায়াতে ইসলামী আসে নাই, এখানে বাউফলবাসী এসেছে। জুলাই বিপ্লবে বাউফলের ৭ শহীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শহিদ পরিবারের সদস্যরা আমাকে দোয়া করেছেন, আমার মাথায় যখন তাদের হাত এসেছে, আমার মন বলেছে আল্লাহ তায়ালা আমাদের বিজয় করবেন ইনশাআল্লাহ। আমরা জুলাই চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গিকারবদ্ধ।
এর আগে সকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মনোনয়ন ফরম জমা প্রদান পূর্বক অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এবার শফিকুল ইসলাম মাসুদ জিতবে না, জিতবে বাউফলবাসী, এবার এমপি হবে না শফিকুল ইসলাম মাসুদ, এমপি হবে বাউফলের মানুষ। আমাদের অন্যান্য যে রাজনৈতিক প্রতিযোগীরা আছেন তাদের আমরা কাউকে প্রতিদ্বন্দী বা প্রতিপক্ষ মনে করি না, যারা আছেন তাদের বলবো আসুন, আমরা ভালো কাজ নিয়ে মানুষের কাছে ফিরে যাই। আমরা তাদের কাছে বলি এই এই কাজগুলো করতে চাই, আপনারা যাকে পছন্দ করেন তাকে আপনারা সমর্থন দিবেন। যে বিজয় হবে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাউফলে গড়ে তুলবো।