
গণজাগরণ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের পাশাপাশি গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যেভাবে করবেন রেজিস্ট্রেশন
ওয়েবসাইটে প্রবেশ করে ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রদান করতে হবে। সব তথ্য পূরণ করার পর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
লগইন করে আবেদন
রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্বাচনে সাংবাদিক বা পর্যবেক্ষক হিসেবে কার্ডের জন্য আবেদন করতে হবে।
স্থানীয় সাংবাদিকদের (জেলা-উপজেলা) ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের আগে বর্তমান কর্মস্থলের তথ্য দিতে হবে। এ ক্ষেত্রে বিভাগ, জেলা, নির্বাচনী আসন এবং উপজেলা/থানার তথ্য নির্ধারিত অংশে বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।
আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ
লগইন করার পর প্রথম ধাপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিতে হবে। এর মধ্যে থাকবে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ।
পরবর্তী ধাপে গণমাধ্যম প্রতিষ্ঠানের তথ্য বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে। এতে গণমাধ্যমের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, ইমেইল, ফোন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। প্রয়োজনে নিবন্ধন প্রমাণপত্র ও সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে। একই সঙ্গে ওই তালিকায় আবেদনকারী সাংবাদিকের নাম কত নম্বরে রয়েছে, তা নির্দিষ্ট ঘরে উল্লেখ করতে হবে।
গাড়ির স্টিকার
গাড়ির স্টিকার প্রয়োজন হলে ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশন নির্বাচন করতে হবে। ‘হ্যাঁ’ নির্বাচন করলে গাড়ির সংশ্লিষ্ট কাগজপত্রের তথ্য প্রদান করতে হবে।
চূড়ান্ত সংযুক্তি
আবেদনের শেষ ধাপে অফিস আইডি কার্ড, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্রের কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
সব ধাপ সঠিকভাবে সম্পন্ন করে আবেদন জমা দিলে আবেদন সম্পূর্ণ হয়েছে বলে দেখাবে। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত একটি কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। ওই কার্ড প্রিন্ট করে গণমাধ্যমকর্মীরা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন পাবেন।