
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মীরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও গাজীপুরে সনাতনী নারী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (২ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ সিবগা এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “চট্টগ্রামের মীরসরাইয়ে বারৈয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ও তার সহযোগীদের দ্বারা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ করে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। মামলা দায়েরের পর গতকাল ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ক্রমাগত নারী হেনস্তা ও ধর্ষণের এই ভয়াবহ ঘটনা প্রমাণ করে যে, বিএনপি ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দেশকে অন্ধকার যুগে নিমজ্জিত করতে চায়।”
নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, “সাম্প্রতিক সময়ে বিএনপি রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দেড় বছরে বিএনপি, ছাত্রদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অন্তত ২৩২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৮৭ জনেরও অধিক নারী ধর্ষণের শিকার হয়েছেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী কুরআন তালিম, দলীয় প্রোগ্রাম ও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী পর্দানশিন নারীদের হেনস্তা, গর্ভবতী নারীদের শারীরিকভাবে লাঞ্ছনা এবং বিবস্ত্র করার মতো চরম অবমাননাকর হুমকি প্রদান করছে তারা।
এরই ধারাবাহিকতায় গত ৩১ জানুয়ারি গাজীপুরে ছাত্রদল নেতা কর্তৃক এক নারী ব্যবসায়ীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনা প্রমাণ করে বিএনপি নারীবিদ্বেষী দলে পরিণত হয়েছে। নারীদের প্রতি তাদের এই পৈশাচিক আচরণ সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাই।”
পরিশেষে নেতৃবৃন্দ বলেন, “আমরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসাপেক্ষে মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, গণঅভ্যুত্থানের পর সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে নব্য ফ্যাসিবাদী আচরণ ও নারীদের প্রতি অসম্মানজনক কর্মকাণ্ডের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা জাতির জন্য অত্যন্ত হতাশাজনক। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রসমাজ, যুবসমাজ ও সচেতন জনতাকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”