
কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল নিশ্চিত করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, পাটগ্রাম ও হাতীবান্ধা—এই দুই উপজেলা মিলিয়ে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান মোট ১ লাখ ৩৭ হাজার ৬৯৭ ভোট অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু পান ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। ফলে ৯ হাজার ৭৮০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী বিজয়ী হন।
উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, হাতীবান্ধা উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৫ হাজার ৪৮৩ ভোট, বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬৪ হাজার ১৩৪ ভোট। অন্যদিকে পাটগ্রাম উপজেলার ৬০টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছে ৭২ হাজার ২১৪ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬৩ হাজার ৭৮৩ ভোট।
সব মিলিয়ে দুই উপজেলায় ধানের শীষ প্রতীক মোট ৮ হাজার ৪৩১ ভোটে এগিয়ে থাকে এবং সার্বিক ফলাফলে ৯ হাজার ৭৮০ ভোটের ব্যবধানে ব্যারিস্টার হাসান রাজিব প্রধানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ শেষে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।