
আশিকুর রহমান, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে রাতের আঁধারে দুই বিঘা জমির তরমুজ ক্ষেত লন্ডভন্ড করে দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা সারিবদ্ধভাবে লাগানো তরমুজের চারা উপড়ে ফেলে জমির বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মাওলানা আমিন আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে সংসার চালিয়ে আসছেন। স্থানীয় মক্তবে পড়ানো এবং মসজিদ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি কৃষিকাজই তার পরিবারের একমাত্র আয়ের উৎস। চলতি মৌসুমে সংসারের খরচ নির্বাহের আশায় দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেন তিনি। কিন্তু রবিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কে বা কারা তার ক্ষেতে ঢুকে চারা উপড়ে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে।
সোমবার সকালে জমিতে গিয়ে তিনি দেখেন, সারিবদ্ধভাবে লাগানো অধিকাংশ চারাগাছ উপড়ে ফেলা হয়েছে। আশপাশের অন্য জমিতে তরমুজের চারা অক্ষত থাকলেও কেবল তার ক্ষেতেই এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারটির দাবি।
পরিবারের সদস্য মোমিন আলী বলেন, তার ভাই একজন দিনমজুর কৃষক। স্থানীয়ভাবে কারও সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার পরপরই এমন ঘটনা ঘটায় তারা রাজনৈতিক আক্রোশের বিষয়টি সন্দেহ করছেন।
মাওলানা আমিন আলী বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা না থাকলেও রাজনৈতিক মতাদর্শের কারণে পরিকল্পিতভাবে তার ফসল নষ্ট করা হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।