
স্টাফ রিপোর্টার: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল-এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা ও ২ দিনব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক এ বই মেলার উদ্বোধন করেন। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম তাঁর বক্তব্যে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভাষা আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করে শুদ্ধ ভাষা চর্চা ও দেশপ্রেমে আমাদের উদ্বুদ্ধ হতে হবে।
এ উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়েছে। ২১ ও ২২ ফেব্রুয়ারি এই মেলা চলবে। মেলায় শিশু-কিশোরদের উপযোগী শিক্ষামূলক ও মননশীল নানা ধরনের বই প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। এ বি সি চিলড্রেন পাবলিকেশনের সহযোগিতায় এ বই অনুষ্ঠিত হচ্ছে।