
কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন শো-রুমের এক ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার জোংড়া ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুজ্জামান পলাশ (৩৫) পাটগ্রাম ওয়ালটন শো-রুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। একই ঘটনায় লিটন নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তিনি বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত লিটনও একই শো-রুমে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ ও লিটন মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে আলাউদ্দিন নগর এলাকায় শো-রুমের কাজে যাচ্ছিলেন। এসময় বুড়িমারী থেকে রংপুর মহাসড়কের বকুলতলা এলাকায় বুড়িমারীগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে ছিটকে পড়ে থাকতে দেখা যায় মোটরসাইকেলের চাবি, চশমা ও তার নিথর দেহ।
খবর পেয়ে হাতীবান্ধা হাইওয়ে থানা ও পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।