
এমএম রহমাতুল্লাহ: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদের সেবা দিলে হজ এজেন্সিকে পুরস্কৃত করা হবে। তবে, হাজীদের কষ্ট দিলে শাস্তি ভোগ করতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।
ধর্মমন্ত্রী কায়কোবাদ এসময় আরো বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদের সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং কোনো অন্যায় করা যাবে না।
ইফতারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে।
নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ আরও বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করব। এটি কেবল আপনাদের সন্তুষ্টির জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন, আমি তা আল্লাহর সন্তুষ্টির জন্য পালনের চেষ্টা করব।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ অন্যান্যরা বক্তৃতা দেন।