
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহ শহরে একটি বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা রিজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, সোমবার (১৬ মার্চ) বিকাল প্রায় ৫টার দিকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিজু তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহ শহরের ওই বাসায় বসবাস করতেন। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক।
তবে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, ‘আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
এ ঘটনায় তার পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।