
রুহুল আমিন, বগুড়া জেলা সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম ধাপে তিন হাজারের বেশি কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে 'কৃষক কার্ড'। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলোর যাচাই-বাছাইয়ের কাজ এখন শেষ পর্যায়ে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ওই দিন থেকেই কৃষকদের মধ্যে কার্ড বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান বলেন, প্রাথমিকভাবে (প্রিপাইলটিং) দেশের আটটি বিভাগের ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উথলি ব্লকও রয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহার, কম খরচে সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, প্রশিক্ষণ এবং ডিজিটাল প্লাটফর্মে আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য পাবেন। পাশাপাশি ফসলের রোগবালাই সম্পর্কেও পরামর্শ নেওয়া যাবে।
কৃষি কর্মকর্তা আবদুল হান্নান আরও বলেন, বর্তমানে প্রিপাইলটিং কার্যক্রম চলছে। ১৪ এপ্রিলের পর দেশের ১৫টি উপজেলায় পাইলট প্রকল্প শুরু হবে।