
সাহেব আলী, মাগুরা: মাগুরা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ছাত্রনেতারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা তরুণ সমাজকে ইতিবাচক ধারায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ছাত্রনেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ সবসময় তৎপর রয়েছে এবং এ ক্ষেত্রে সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য নেতা রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।