
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলা শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন করেছে ঢাকা প্রেস ক্লাব।
১৪ এপ্রিল ২০২৬, সোমবার রাজধানীর মালিবাগ সিডনি হোমস-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা প্রেস ক্লাবের সদস্যরা দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন বাচ্চু। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন হাফেজ মাওলানা মো. সালাউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতেই দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা শামসুল হক দুরানী জামিনে কারাগার থেকে মুক্ত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বক্তব্যে প্রখ্যাত সাংবাদিক শামসুল হক দুরানী বলেন, “কেউ অপরাধ করলে বিচারক বিচার করে শাস্তি দেন। কিন্তু কোনো বিচারক যখন অন্যায় কাজে জড়ান, তার বিচার করবে কে? বিচারকের অন্যায়ের ব্যাপারে কোনো সাংবাদিক কলম ধরতে চায় না। আমি বিচারকের সকল অন্যায় কর্মকাণ্ড পত্রিকায় তুলে ধরি। ফলে বিচার বিভাগের দুর্নীতিপরায়ণ বিচারকরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায়। তারা নিউজ না করার জন্য বিভিন্ন হুমকি-ধমকি দেন। সবকিছু উপেক্ষা করে আমি নিউজ করেছি এবং করে যাব।”
নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল। এছাড়া ঢাকা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও আলোচনায় অংশ নেন।
আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল ও দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়।