
ফারুক আহমেদ, ডেপুটি ব্যুরো চীফ: খুলনায় কর্তব্যরত অবস্থায় নিজের সরকারি ইস্যুকৃত চায়নিজ রাইফেলে গুলিবিদ্ধ হয়ে রেলওয়ে পুলিশের এক সদস্য আত্মহত্যা করেছে। আজ শনিবার ১৮ এপ্রিল ভোর ৪.৩০ টা থেকে ৫ টার সময় নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, নিজের সরকারি ইস্যুকৃত চায়নিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে সে আত্মহত্যা করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) রেলওয়ে পুলিশ লাইন এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭) । সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের পুত্র। সম্রাট বিশ্বাসের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান।
পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সম্রাট বিশ্বাস একজন ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন। তবে এ বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছু জানাননি। নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনেরা এলে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য।
তবে সম্রাটের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিজের ব্যবহার করা অস্ত্রে সম্রাট গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।