
সৈয়দ আতিক, গাজীপুর: বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০তম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ গাজীপুর সিটি কর্পোরেশন দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ১৭ ও ১৮ এপ্রিল এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দলটি ১টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ২টি তাম্র পদক অর্জন করে। দলটির পক্ষে পদকজয়ীরা হলেন—ইন্ডিভিজুয়াল কুমিতে (-৪৫ কেজি) বিভাগে মোঃ ইবরাহিম খলিল তাম্র পদক অর্জন করেন। ইন্ডিভিজুয়াল কাতা বিভাগে সিং ক্য উ তাম্র পদক লাভ করেন।
টিম কাতা (ছেলে) বিভাগে স্বর্ণপদক অর্জন করে গাজীপুর সিটি কর্পোরেশন দল। এই দলে ছিলেন রেং হিন জোভিন এবং সিং ক্য উ। অন্যদিকে, টিম কাতা (মেয়ে) বিভাগে রৌপ্যপদক অর্জন করে দলটি। এই দলে অংশ নেন তুম পং মুরু রুই তুম মুরু মে এবং ছাই নু য়ইন মারমা।
গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সেন্সি আব্দুল্লাহ আল মামুন এবং ম্যানেজার হিসেবে ছিলেন সাইদ মাহমুদ। মোট ১৮ জন প্রতিযোগী নিয়ে দলটি এই জাতীয় আসরে অংশগ্রহণ করে। উল্লেখ্য, দেশের ৭৬টি ক্রীড়া সংস্থা—যার মধ্যে বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থা অন্তর্ভুক্ত—থেকে প্রায় এক হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।