
এমএম রহমাতুল্লাহ: গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। সংগঠনটির উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।
বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দায়িত্ব জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের ওপর ন্যস্ত থাকলেও বর্তমান সংসদের কার্যক্রমে জনগণ হতাশ। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর থেকে সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিলম্ব এবং গুরুত্বপূর্ণ ১১টি অধ্যাদেশ বাতিলের বিষয়টি সংকটকে আরও গভীর করেছে বলে তারা উল্লেখ করেন।
তারা অভিযোগ করেন, সরকার সংবিধানের অপব্যাখ্যার মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। বক্তাদের মতে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ এবং গণভোটের মাধ্যমে প্রদত্ত জনমত নৈতিকভাবে সর্বোচ্চ অবস্থানে থাকে।
গোলটেবিল থেকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ সরাসরি কার্যকর করা, দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা সতর্ক করে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ পুনরায় গণআন্দোলনে নামতে বাধ্য হতে পারে।
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন এবং বিষয়টির ওপর নিজেদের মতামত তুলে ধরেন।