
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন—এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব রিংকু, ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহফুজ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক কামাল খানসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী বাহিনী হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।