
এমএম রহমাতুল্লাহ: ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বৈষম্য ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল)। রোববার দুপুরে ঢাকা বার ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বলেন, আইনজীবীদের অধিকার রক্ষায় তাদের সংগঠন বরাবরই আপোষহীন ভূমিকা পালন করে আসছে এবং কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, অতীতের নিয়ম ও রেওয়াজ অনুসরণ না করে এবারের নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানো হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, দীর্ঘদিন ধরে দুটি প্যানেলের অংশগ্রহণে সমান প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রচলন ছিল। কিন্তু এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ৭ জন এবং সবুজ প্যানেল থেকে মাত্র ৩ জন সদস্য নিয়ে কমিশন গঠন করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্য। একইভাবে সহায়ক কমিশনেও অসম প্রতিনিধিত্ব রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের ব্যবস্থায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করেন।
সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন জানান, কমিশন পুনর্গঠনের দাবিতে লিখিত ও মৌখিক আবেদন জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে। পক্ষপাতমূলকভাবে কমিশন গঠন করায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে উভয় প্যানেল থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান। অন্যথায় এই নির্বাচন সাধারণ আইনজীবীদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে বলেও তারা মন্তব্য করেন।
এসময় আইনজীবী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।