
কল্লোল আহমেদ লালমনিরহাট : লালমনিরহাটে নিউরন প্লাস নার্সিং ও ভার্সিটি ভর্তি কোচিংয়ের উদ্যোগে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সফলতার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রথম বছরে ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন এবং দ্বিতীয় বছরে ১৬ জনের মধ্যে ৬ জন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্রী সুদান চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খায়রুল কবির ও রবিউল স্যার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক গণজাগরণের সাংবাদিক কল্লোল আহমেদ, এনটিভি মাল্টিমিডিয়ার মিঠু, সাংবাদিক রুহুল আমিন বাবু, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম সুজনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়েও নিউরন প্লাস কোচিংয়ের সাফল্যের হার অত্যন্ত প্রশংসনীয়। এটি প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম ও মানসম্মত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তারা শিক্ষার্থীদের আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, নৈতিকতা ও নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাতা পরিচালক মুমিন স্যার তার বক্তব্যে বলেন, “আমরা শুধু ভর্তি কোচিং নয়, একজন শিক্ষার্থীকে মানবিক ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি।” তিনি জানান, বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং এই ৬ মাসের কোর্সটি শিক্ষার্থীদের নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ ও মনোরম পরিবেশ, আবাসিক সুবিধা, নিয়মিত ক্লাস মনিটরিং, সময়মতো পড়াশোনা আদায় এবং নামাজ আদায় বাধ্যতামূলক করার মতো শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থা। শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বশীল নারী কর্মীসহ একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্ত উপস্থিত সবাইকে আপ্লুত করে। অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।