
রুহুল আমিন, বগুড়া জেলা সংবাদ দাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া-দাড়িদহ সড়কের রহিম উদ্দিন নূরানী ক্যাডেট মাদ্রাসার সামনে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে থাকে। এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় জনজীবনে ভোগান্তি ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গুজিয়া বন্দরে প্রায় ১০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থী ও অভিভাবককে এ সড়ক ব্যবহার করতে হয়।
এ বিষয়ে রহিম উদ্দিন নূরানী ক্যাডেট মাদ্রাসার পরিচালক বলেন, “সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় চরম সমস্যা হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
স্থানীয়রা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।