
মোহাম্মদ আবু হানিফ: বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আজ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আলোচনা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিনিয়োগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং যৌথ উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।