
মো: জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ঠাকুরগাঁওয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) দুপুর ৩টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণের স্বার্থ রক্ষায় তারা রাজপথে সক্রিয় থাকবেন।