
মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বনি আমিনের পরিবারের সদস্যদের দ্বারা সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিসিএস ৩৬তম ব্যাচের কর্মকর্তা মোঃ বনি আমিন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার স্ত্রী, যিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা, নিয়মিতভাবে সরকারি গাড়ি ব্যবহার করে কর্মস্থলে যাতায়াত করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিক ও একাধিক সূত্র।
সূত্রগুলো জানায়, ইউএনও’র জন্য বরাদ্দকৃত মাগুরা-ব ১১-০০১০ নম্বরের একটি সরকারি গাড়ি নিয়মিতভাবে তার স্ত্রী ব্যবহার করেন। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত আরেকটি সরকারি গাড়িও মাঝে মধ্যে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও সাংবাদিক দাবি করেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা অঞ্জনা রাণী ঘোষকেও মাঝে মাঝে সরকারি গাড়িতে যশোরে পৌঁছে দেওয়া হয়েছে। এমন দৃশ্য প্রত্যক্ষ করার কথাও জানিয়েছেন তারা।
সরকারি বিধি অনুযায়ী, ইউএনও বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত যানবাহন শুধুমাত্র সরকারি কাজে ব্যবহারের কথা। ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে এসব গাড়ি ব্যবহার করা নিয়মবহির্ভূত এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
এ ধরনের অভিযোগ দেশের বিভিন্ন স্থানে আগেও উঠে এসেছে, যা জনমনে অসন্তোষ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিনের বক্তব্য পাওয়া যায়নি।