
মোঃ মোরছালিন জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর শহরকে ডেঙ্গুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
শনিবার (৯ মে) সকাল ১১টায় পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্র ডা. আব্দুল কাদের চৌধুরী চত্বর পৌর পার্কে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ এবং মশকজনিত রোগের প্রাদুর্ভাব কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল, বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে ইউএনও কাশপিয়া তাসরিন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি বলেন, প্রত্যেক মানুষকে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অভিযানে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, প্রকৌশলী মোবারক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, পৌরসভার সহকারী প্রকৌশলী মারুফ হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম রব্বানী, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেনসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।