
ফারুক আহমেদ, মাগুরা : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্য বিষয়ক সামনে নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বুধবার ২০ মে সকাল ১০ টার সময় আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।
শোভাযাত্রাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মাগুরা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, অগ্নিকাণ্ড, দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মাগুরার আয়োজনে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।