
বরিশাল জেলা সংবাদাতা: বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার। সোমবার (১ জুন) বরিশাল নগরীর আমানতগঞ্জে অবস্থিত শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল রয়েছে। এগুলো অনেক আগেই চালু হওয়ার কথা ছিল। বিগত সরকার অবকাঠামো নির্মাণে যতটা যত্নবান ছিল, কিন্তু এসব হাসপাতাল ব্যবহার করে কীভাবে মানুষকে চিকিৎসাসেবা দেওয়া যায়, সে বিষয়ে যথেষ্ট গাফিলতি ছিল। আমরা অতীতের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বিভাগীয় শহরগুলোর এই ছয়টি হাসপাতাল অনতিবিলম্বে চালু করতে। সেই লক্ষ্যে ইতোমধ্যে কাজ চলছে।
ড. জিয়া উদ্দিন হায়দার আরও বলেন, প্রাথমিক পর্যায়ে আগামী আগস্ট মাসের শুরুতে হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা মনে করছেন, শিশু হাসপাতালটি চালু হলে বরিশাল বিভাগে শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী রোগীর চাপও অনেকাংশে কমে আসবে