
মোহাম্মদ আবু হানিফ: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছে।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবজাতকদের মৃত্যুর ঘটনা তদন্তে মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তাদের অনুসন্ধান প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে। একই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পৃথক তদন্ত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় গণমাধ্যমের সামনে বক্তব্য রাখবেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত প্রতিবেদনের গুরুত্বপূর্ণ দিক এবং পরবর্তী করণীয় সম্পর্কে তিনি এ সময় বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনাটি জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করলে এর কারণ অনুসন্ধানে পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ঘটনার পরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও পৃথকভাবে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে।
এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি, অবহেলা বা ব্যবস্থাপনা-সংক্রান্ত দুর্বলতা ছিল কি না, তা খতিয়ে দেখতে নিজস্ব তদন্ত কমিটি গঠন করে। হাসপাতালের ওই কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পর নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ এবং দায়-দায়িত্ব নির্ধারণ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।