
মো:রুহুল আমিন বগুড়া: জীবিকার তাগিদে ভারতে গিয়ে আটকপড়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২৮ জন শ্রমিক দেশে ফিরেছে। দীর্ঘ ১৭ মাস বন্দিদশায় থাকা বুড়ইল ইউনিয়নের কহুলী ও আশেপাশের গ্রামের শ্রমিকরা বর্তমানে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। নিরাপদে দেশে ফিরতে পেরে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এছাড়া প্রতিশ্রুতি পূরণের সফল প্রচেষ্টায় প্রশংসা কুড়াচ্ছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। পবিত্র ঈদুল আজহার আগে তিনি ভারতের তামিলনাড়ুতে আটকাপড়া শ্রমিকদের দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গতকাল নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে বেশকটি ছবিসহ স্ট্যাটাসে মোশারফ হোসেন এমপি এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে নন্দীগ্রামের ২৮জন শ্রমিক। তবে সামাজিক বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
শনিবার উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি চারমাথা বাজারে ভারত ফেরত শ্রমিকদের নিয়ে সময় কাটিয়েছেন সংসদ সদস্য। আপ্যায়ন, উন্মুক্ত আলোচনা ও তাদের সুখ-দুঃখের কথা শোনেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, সচিবসহ সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বন্দিদশা থেকে স্বাভাবিক জীবনে ফেরা শ্রমিকদের পরিবার। ফেসবুক স্ট্যাটাসে বিএনপির সাংসদ মোশারফ হোসেন উল্লেখ করেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য। বিশ্বাস করি, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন নয়, মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।