
এমএম রহমাতুল্লাহ: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে আগামীকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
মঙ্গলবার রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি শেষে ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক এ ঘোষণা দেন। কর্মসূচিতে ব্যাংকটির বিপুলসংখ্যক আমানতকারী অংশগ্রহণ করেন।
ফোরামের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ, আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের ব্যাংক থেকে অপসারণ এবং গ্রাহকদের ওপর কথিত পুলিশি হামলার প্রতিবাদ।
অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, টানা নয় দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে গ্রাহকরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হতে পারেন।
তিনি আরও দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা গ্রাহকদের একটি বড় অংশ মেনে নিতে পারছে না। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে চেয়ারম্যান পদে পরিবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপের অভিযোগের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ফোরামের নেতারা। তাদের দাবি, গ্রাহকদের উদ্বেগ ও স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।