
কল্লোল আহমেদ, লালমনিরহাট: উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে লালমনিরহাট জেলার ৮ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্যে সরকারের খাত থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন, মহেন্দ্রনগরের হরদত্ত এলাকার মোঃ মিফতাহুল বসুনিয়া লাবিব (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাপ্টীবাড়ীর তালুক হারাটীর মোঃ হোসেন আলী (নেত্রকোণা বিশ্ববিদ্যালয়), খোলাহাটি-খুনিয়াগাছ এলাকার মোঃ হাবিবুর রহমান (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফার্মেসি), কালমাটির মোঃ হাবিবুর রহমান হাকিমুল (গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ব্যবসায় শিক্ষা শাখা), উত্তর সাপটানার মোঃ ইয়াজীদ আলী রিয়াদ (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট), আদর্শপাড়ার মোঃ তূর্য চন্দ্র সরকার (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হিসাববিজ্ঞান), আদিতমারীর পশ্চিম দৈলজোড় এলাকার মোজাহেদুল ইসলাম মিম (ইসলামী বিশ্ববিদ্যালয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) এবং নামাটারীর মোঃ তামিম সরকার সাম্য (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হিসাববিজ্ঞান)।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।
তাদের শিক্ষাজীবনে সামান্য সহযোগিতা ভবিষ্যতে বড় অর্জনের পথ তৈরি করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এসব শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং লালমনিরহাটসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জেলা প্রশাসক আরও জানান, শিক্ষাবান্ধব ও মানবিক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।