
মোহাম্মদ ইউসুফ, বরিশাল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নে জনগণকে নিয়ে রাজপথে থাকবে ১১ দলীয় জোট। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব ধরনের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি। একই সাথে তিনি গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদের’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
শনিবার (৪ জুলাই) বরিশাল নগরীর একটি মিলনায়তনে আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ডক্টর এস. এম মাহফুজুর রহমান ও মাস্টার আব্দুল মান্নান, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও সাইয়েদ আহমদ খান, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আবু মুনিম, হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, মোঃ মাসউদুর রহমান শিকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপজেলা আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারীসহ বিভিন্নস্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, বিরোধী জোট পার্লামেন্টে ও রাজপথে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সোচ্চার রয়েছে। এটি জামায়াত ও জোটের রাজনৈতিক অঙ্গীকার। আমরা জনগণের প্রতিটি অধিকারের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।
তিনি জানান, আগামী ১৮ জুলাই বরিশালে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এই ঐতিহাসিক সমাবেশ সফল করতে তিনি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।