
দুর্গতদের পাশে থাকার আশ্বাস, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা
কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শেহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
এক শোকবার্তায় শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই দুর্যোগে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করে প্রার্থনা জানান।
দক্ষিণ এশিয়ার দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সমবেদনা বার্তা মানবিক সংহতি ও আঞ্চলিক সহযোগিতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।