
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
চট্টগ্রাম ব্যুরো অফিস: খেলাফত মজলিস চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে বন্যাদুর্গত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে। বুধবার (১৫ জুলাই) দলটির উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. খুরশিদ আলম, কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. ইলিয়াস আহমদসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় এবিএম সিরাজুল মামুন বলেন, বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। খেলাফত মজলিসের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।