
নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে এনটিভির নূরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ফরিদ হোসেন।
সাধারণ সভার শুরুতে গত তিন বছরে মৃত্যুবরণকারী সংগঠনের চার সদস্যের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তারা হলেন— আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম। উপস্থিত সদস্যরা তাদের অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় বক্তব্য দেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জী, রফিকুর রহমান, এস এম মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান এবং দেওয়ান মাসুদা সুলতানাসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা। বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য এবং কল্যাণে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবিএম রফিকুর রহমান ও এস এম মনিরুল ইসলাম। যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম এবং দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির এবং লুৎফর রহমান শিকদার।
সভায় সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দেওয়ার জন্য সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। পরিষদের সদস্যরা হলেন— কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম।
নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।