
মো. বিল্লাল হোসেন, বাঙ্গরা (কুমিল্লা): কুমিল্লার বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ৮ আগস্ট ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার মো. আবু বকর সিদ্দিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ২৯৯ জন ভোটারের মধ্যে ২৫৩ জন ভোট দিয়েছেন। ভোট পড়েছে প্রায় ৮৫ শতাংশ।
নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল মোমেন ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. দুলাল মিয়া পেয়েছেন ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. মোকছেদুর রহমান আবির ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এম. আই. জামাল সিদ্দিকী পেয়েছেন ২৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল বারী বিল্লাল ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল হুদা সরকার সোহাগ পেয়েছেন ৩৬ ভোট।
ঢাকায় বসবাসরত বাঙ্গরা থানার প্রশাসনিক কর্মকর্তা, চাকরিজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের সদস্যরা ছিলেন নজির আহমদ ভূঁইয়া কাজল, এ এইচ এম জহিরুল হক, জহিরুল ইসলাম ও কামরুল হাসান কেনাল।
প্রধান নির্বাচন কমিশনার মো. আবু বকর সিদ্দিক জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ভোটগ্রহণের আগে সভাপতি প্রার্থী দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী জামাল সিদ্দিকী ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সোহাগের চাচাতো ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তিনি ভোটের দিন কেন্দ্রে উপস্থিত ছিলেন না।
২০১৮ সালে ঢাকায় বসবাসরত বাঙ্গরা থানার ১০টি ইউনিয়নের বিভিন্ন পেশার ব্যক্তিদের নিয়ে বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা প্রতিষ্ঠিত হয়।