
আনিছুর রহমান: সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘শেল্টার’ দেওয়ার অভিযোগে সম্প্রতি প্রথম আলোসহ কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
এক প্রতিবাদ বিবৃতিতে তারা বলেন, সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সংঘটিত হামলার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত কিংবা জামায়াতের কোনো পর্যায়ের নেতাকর্মীর ন্যূনতম সম্পৃক্ততা নেই। জামায়াত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হামলা, সন্ত্রাস কিংবা আইনবিরোধী কর্মকাণ্ডে কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় বা ‘শেল্টার’ দেয় না।
তারা বলেন, একটি অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই জামায়াতকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একটি রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নির্ধারণ করবে। কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে অনুমাননির্ভর অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা উচিত নয়।
তারা গণমাধ্যমকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ, তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান।
একই সঙ্গে তারা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মাওলানা মোশাররফ হোসেন ও মাওলানা হাবিবুর রহমান বলেন, “সাতক্ষীরা সদর জামায়াতের সঙ্গে এই হামলার কোনো ধরনের সম্পর্ক নেই। জামায়াতের ‘শেল্টারে’ হামলা হয়েছে—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।