
নিজস্ব প্রতিবেদক: দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের নতুন বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন (আইভিএফ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বারাকাহ স্পেশালাইজড হাসপাতাল পিএলসির পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শাওন। আগামী তিন অর্থবছরের জন্য তিনি এ দায়িত্ব পেয়েছেন।
সম্প্রতি রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁকে বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত করা হয়। একই সভায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বারাকাহ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. রুহুল আমীনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুন্নু সিরামিকের কর্ণধার ফিরোজা মাহমুদ। এ ছাড়া ইনসাফ বারাকাহ হাসপাতাল ও ফাউন্ডেশনের পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নজরুল ইসলাম শাওন ১৯৯৮ সাল থেকে স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বারাকাহ স্পেশালাইজড হাসপাতাল পিএলসির পরিচালক এবং ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন (আইভিএফ)-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ২০০৩ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির সদস্য হিসেবে বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন।
দীর্ঘদিন ধরে ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ এবং অবদানের ধারাবাহিকতায় নতুন বোর্ডে তাঁর নির্বাচিত হওয়াকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে আইভিএফ। সংগঠনটির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয়েছে, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
এজিএমে বক্তারা বলেন, দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে মোহাম্মদ নজরুল ইসলাম শাওন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নতুন দায়িত্ব ক্যান্সার চিকিৎসা, রোগ সম্পর্কে জনসচেতনতা এবং মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করেন।
উল্লেখ্য, দিগন্ত মেমোরিয়াল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নামমাত্র মূল্যে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি অসহায় রোগী ও স্বজনদের আবাসন ও খাবারের ব্যবস্থা, পরিবহন সুবিধা এবং সরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা-পরামর্শ পেতে সহায়তা প্রদান করছে প্রতিষ্ঠানটি।
নতুন বোর্ডে মোহাম্মদ নজরুল ইসলাম শাওনের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা আশা করছেন, ক্যান্সার আক্রান্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। আইভিএফ তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর আরও সক্রিয় ও কার্যকর ভূমিকার প্রত্যাশা জানিয়েছে।