
দৈনিক আলোর বার্তা সম্পাদক, ‘দি ডেইলি স্টেট’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য অধ্যাপক রফিক উল্লাহ সিকদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঢাকা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।গত রবিবার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক রফিক উল্লাহ সিকদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ইসলামী ব্যাংক হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার বিকেলে তিনি শেষ বিদায় নেন।মরহুমের প্রথম জানাজা রবিবার রাত ৯টায় বাংলামোটর বড় মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ সেখানেই দাফন করা হয়।অধ্যাপক রফিক উল্লাহ সিকদারের আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজ ও ঢাকা প্রেস ক্লাবে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু গভীর শোক প্রকাশ করে বলেন, "আজ আমি আমার সাংবাদিকতা জীবনের পথপ্রদর্শক ও এক শ্রদ্ধেয় অভিভাবককে হারালাম।"তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।