
মো:রুহুল আমিন বগুড়া: বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারের ডিলার ও ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী সুবিধাভোগীদের চাল বিতরণে কতিপয় ডিলার অনিয়ম করছেন। কোথাও চালের পরিবর্তে সুবিধাভোগীদের নগদ টাকা দেওয়া এবং কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগও উঠেছে।
সরকার দরিদ্র ও অসহায় মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে ১৫ টাকা দরে চাল বিতরণ করে আসছে।
অভিযানকালে পীরগাছা বাজারের ডিলার আব্দুর রশিদের ক্ষেত্রে চাল বিতরণ না করেই বিতরণ করা হয়েছে—এমন ভুয়া তালিকা বা মাস্টার রোল তৈরির প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করেই ভুয়া নামের তালিকা তৈরি করার অপরাধে ডিলার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এদিকে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে অন্যান্য ডিলারের বিরুদ্ধেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।