
মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটা হয়। পরে ঢাকঢোলের তালে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শিবগঞ্জ মডেল স্কুল থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্যসচিব তৌসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া) পৌর বিএনপি সদস্য ডাঃ নাহিদুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ বিএনপির দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।