
জাকির ফরাজীঃ পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর সাংবাদিক ফোরাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলায় দায়িত্ব পালনকালে ইউএনও মামুনুর রশীদের কর্মনিষ্ঠা, সততা ও বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপস্থিত সাংবাদিক বৃন্দ। তারা বলেন, মামুনুর রশীদ দায়িত্ব পালনকালে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক ও পেশাদার সম্পর্কও প্রশংসিত হয়েছে।
বক্তারা আরও বলেন, তাঁর পদোন্নতি কর্মজীবনের সাফল্যের স্বীকৃতি। নতুন কর্মস্থলেও তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তারা আশা প্রকাশ করেন।
বিদায়ী ইউএনও মামুনুর রশীদ বলেন, পিরোজপুর সদর উপজেলায় দায়িত্ব পালনের প্রতিটি মুহূর্ত আমার জন্য অর্থবহ ও স্মরণীয় হয়ে থাকবে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই ছিল আমার মূল লক্ষ্য। এ যাত্রায় পিরোজপুরের সংবাদকর্মীদের কাছ থেকে যে গঠনমূলক সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরতে পিরোজপুর সাংবাদিক ফোরাম সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। পিরোজপুরের মানুষ ও এই মাটির প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে। নতুন পথচলায় সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের সেবা করে যেতে পারি।
পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম এবং পিরোজপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি মো. মাইনুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শামীম রেজা, দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এ জলিলসহ সংগঠনের অন্যান্য সদস্য।
অনুষ্ঠান শেষে পিরোজপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মামুনুর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।