
ভোলা প্রতিনিধি: ভোলা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—ভোলা পৌরসভার আমানতপাড়ার মো. সুলেমানের ছেলে মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে রাজিব (৪৫); ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা হাওলির মৃত আফজাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩৭); একই এলাকার মো. আয়ুব সরদারের স্ত্রী রিমি কবিতা ওরফে রিমা সরদার (৪৫)।
পরে আটক ব্যক্তিদের ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় রাজিবের শরীরে মেথঅ্যামফেটামিন, অ্যামফেটামিন ও এমডিএমএ; ফয়সালের শরীরে মেথঅ্যামফেটামিন ও ক্যানাবিনয়েডস এবং রিমি কবিতার শরীরে মেথঅ্যামফেটামিন ও অ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৬/২১ অনুযায়ী ভোলা সদর মডেল থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ০৯, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর ৫৬৪/২০২৬।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তারা সবার সহযোগিতা কামনা করেছে।