
এম এ মান্নান, ভোলাঃ ভোলা সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা পুলিশ, ভোলার উদ্যোগে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত জনসাধারণ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন। এসব সামাজিক ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়; জনগণের সক্রিয় সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং জনগণ পুলিশকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও নিরাপদ রাখা সম্ভব হবে।
পুলিশ সুপার পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, “পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, সমাজে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই তা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের বিষয়ে পুলিশকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
পরবর্তীতে পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের বক্তব্য ও মতামত মনোযোগসহকারে শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলা। জনাব মোঃ এমদাদুল হক, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলা।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।