
কেন্দুয়া প্রতিনিধি : গত ২সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের দুর্গা টেলিকমের সামনে হামলা করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম খান শান্তি।
সোমবার ৭সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী মো. সাইফুল ইসলাম খান শান্তি জানান, ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আবিদ আহমেদ খান নাদিম নামের এক যুবক হঠাৎ তার ওপর হামলা করে এবং তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় স্থানীয় দোকানদার ও সাধারণ জনগণ ঘটনাটি দেখতে পেয়ে ওই যুবককে ধাওয়া করেন। পরে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এম.এ মতিনের বাসায় আশ্রয় নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন সেখানে গিয়ে আবিদ আহমেদ খান নাদিম কে আটক করেন।
পরে স্থানীয় লোকজন তাকে একটি শো'রুমে বসিয়ে তার পরিবারের সদস্যদের খবর দেন। অভিযোগকারী জানান, পরিবারের পক্ষ থেকে তার চাচাতো মামা সুমন মিয়াকে খবর দেওয়া হলে তিনি সেখানে উপস্থিত হন। এ সময় সুমন মিয়া সাত দিনের মধ্যে বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে আবিদ আহমেদ খান নাদিম কে স্থানীয় লোকজনের কাছ থেকে জিম্মায় নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
তবে পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মো: সাইফুল ইসলাম খান শান্তি। তিনি দাবি করেন, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
অভিযোগকারী আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে এবং তিনি তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন।