
কূটনৈতিক প্রতিবেদক: মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস-২০২৬ উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। অনুষ্ঠানে দলের পক্ষ থেকে মালয়েশিয়ার সরকার ও জনগণকে শুভেচ্ছা জানানো হয় এবং বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমের উদ্দেশে লেখা একটি শুভেচ্ছাবার্তা হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের কাছে হস্তান্তর করেন।
শুভেচ্ছাবার্তায় মালয়েশিয়ার জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে আরও ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সদস্যরা মালয়েশিয়ার হাইকমিশনারসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের জনসম্পৃক্ত ও বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও জনশক্তি বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ। ঢাকায় মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ ধরনের কূটনৈতিক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণও দুই দেশের সম্পর্ককে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।