পায়েল আহমদ মৌলভীবাজার: মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প ও জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। রোগীদের মধ্যে প্রয়োজনীয়দের ফ্রি ওষুধ ও চশমা দেওয়া হয়। এছাড়া ছানিপড়া ৩৫ জন রোগীর বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের চোখের যত্ন, চোখের রোগ প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন, সচেতনতা ছাড়া অপতথ্য, গুজব, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোহাম্মদ আবিদ হোসেন। মিরকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মেহেদী হাসানের পরিচালনায় এবং পরিচালক আনহার সমশাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি নাদিমুল হক।
বক্তব্যে পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম। নিরাপদ প্রাণিজ খাদ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্য বিষয়ে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অফিসের উপপরিচালক ডা. আশরাফুল আলম খান।
কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে বক্তব্য দেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়া এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন। সামাজিক সুরক্ষা ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ বিষয়ে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান।
দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। নিরাপদ মাছ উৎপাদন, মাছের পুষ্টিগুণ ও জনস্বাস্থ্যে মাছের ভূমিকা তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন।
অপতথ্য, গুজব, ভুয়া ফটোকার্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল শীল। নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বিষয়ে বক্তব্য দেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহসিন।
পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদ।
মাদকবিরোধী সচেতনতা, সাইবার নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী প্রসিকিউটর এস এম সোহেব রহমান। নিরাপদ ব্যাংকিং ও আর্থিক লেনদেনে সতর্কতার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ কৃষি ব্যাংক, মৌলভীবাজার জেলা শাখার উপমহাব্যবস্থাপক কামাল হোসেন।
এছাড়া বক্তব্য দেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, মিরকো ফাউন্ডেশনের পরিচালক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) নিলুফা ইয়াছিন, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ খাঁন এবং ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমদ মম।
বক্তারা বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধ, মাদক থেকে দূরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ খাদ্য গ্রহণ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বক্তব্য দেওয়ার স্বীকৃতিস্বরূপ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়াকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
মিরকো ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।